উদযাপিত হল আসানসোল আনন্দমের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস
1 min read
আসানসোল : কাল আসানসোল আনন্দম-এর প্রেক্ষাগৃহে প্রতিষ্ঠানের ৩৫তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত উৎসাহ, মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে উদ্যাপিত হয়।এই অনুষ্ঠানে আসানসোেল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল আনন্দমের ভাইস প্রেসিডেন্ট এইচ এন মিশ্র ইন্ডিয়ান ব্যাঙ্ক, আসানসোল জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও ডি.জি.এম., পশ্চিম বর্ধমান জেলার জেলা সমাজকল্যাণ আধিকারিক, সেল-আইএসপি-এর এ.জি.এম. (সিএসআর) পবন কুমার সিং, চিফ ম্যানেজার (সিএসআর) সৌরিয়া কুমার সিং,ম্যানেজার-এইচ.আর দেবারতি গুপ্ত সহ বহু বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের (CWSN) শিক্ষা, পুনর্বাসন ও সর্বাঙ্গীণ বিকাশে আসানসোেল আনন্দম-এর নিরলস অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা ও সংহতির আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের দ্বারা নির্মিত মনোমুগ্ধকর চারু ও কারুশিল্প প্রদর্শনী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তাঁদের অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা উপস্থিত সকলকে মুগ্ধ করে এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সকলেই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদের এই প্রচেষ্টাকে অভিনন্দন জানান। এই বিষয়ে আসানসোেল আনন্দমের সম্পাদক সোমনাথ ব্যানার্জি বলেন যে তিনি আসানসোল আনন্দমের পক্ষ থেকে সকল সম্মানিত অতিথি, শুভানুধ্যায়ী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মী, স্বেচ্ছাসেবক এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তিনি বলেন যে সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়ন ও সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির লক্ষ্যে তাঁদের পথচলা অব্যাহত থাকবে।














